সামরিক সহযোগিতা জোরদার ও বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে রবিবার নেপাল সফরে গেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েং ফেংহি। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক খবরে বলা হয়েছে, ত্রিভুবন বিমানবন্দরে চীনা মন্ত্রীকে স্বাগত জানান নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা। চীনের প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি স্টেট কাউন্সেলর ফেংহি সাংবাদিকদের বলেন, অতীতে দুই দেশের সরকারের মধ্যে যে বোঝাপড়া হয়েছে তার বাস্তবায়নই এই সফরের লক্ষ্য। তিনি নেপাল ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন। গত বছরের অক্টোবরে নেপাল সফর করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর পরই এই শীর্ষ পর্যায়ের সফর হচ্ছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জেনারেল ফেংহি এক দিনের সফরে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও প্রধানমন্ত্রী কে পি অলির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। তিনি নেপালের চিফ অব আর্মি স্টাফ জেনারেল পুরনা চন্দ্র থাপার সঙ্গে বৈঠক করবেন।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল চীনা প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে সফরটি স্থগিত হয়েছে। নেপালের কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহি ঢাকায় আসছেন। কিন্তু সূত্র জানায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন না।
