ইটের আড়ালে কাঠ পাচার 

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:২২

ইটের নিচে কাঠ বিছিয়ে পাচারকালে বিপুল পরিমাণ চেরাই কাঠ জব্দ করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। এসময় কাঠ পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।  

কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল টিমের সদস্যরা রবিবার দিনগত মধ্য রাতে এ অভিযান চালায় বলে জানান উত্তর বনবিভাগের বিশেষ টিমের ইনচার্জ এ.কে.এম আতা এলাহী। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বন কর্মকর্তা আতা এলাহী জানান, শীতের আবহ শুরুর পর থেকে বিভিন্ন এলাকা থেকে মূল্যবান কাঠের গুঁড়ি ও চেড়াই তক্তা পাচারে প্রচেষ্টা চালাচ্ছে গাছ চোর সিন্ডিকেট। ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু চেরাই কাঠ জব্দ করা হয়েছে। সড়কে বনবিভাগের নজরদারি বাড়ায় পাচারে কৌশল পাল্টাচ্ছে কাঠ চর সিন্ডিকেট। ইট পরিবহনের বেশ ধরে রবিবার রাতেও মূল্য বেশ কিছু চেড়াই কাঠ পাচারের খবর পেয়ে অভিযানে নামে বিশেষ টহল দল।কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উপরে ইট ও নিচে কাঠভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যান। জব্দ গাড়িতে প্রায় ২৫০ ঘনফুট অবৈধ বিবিধ চিড়াই কাঠ মিলে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। চলতি মাসের শুরু হতে এ পর্যন্ত কাঠভর্তি ডজনাধিক পিকআপ জব্দ করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলাম বলেন, বন খেকোরা নানা ফন্দিতে কাঠ পাচার করছে। এবার উপরে ইট শো করে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ চেরাই কাঠ জব্দ করা হয়েছে। সারাদিন কাজ করার পরও রাতের আঁধারে কাঠ পাচার রোধেও মাঠে রয়েছে বনকর্মীরা। প্রকৃতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ইত্তেফাক/কেকে