আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ আরো বাড়তে পারে। ‘থ্যাংকস গিভিং হলিডে’ শেষে লাখ লাখ ভ্রমণকারী ঘরে ফেরার প্রেক্ষাপটে দেশটির সংক্রমণ বিষয়ক শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি করোনার সংক্রমণ তীব্র ভাবে বেড়ে যাওয়ার বিষয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।
রবিবার ফক্স নিউজ’কে তিনি বলেন, ভ্রমণের কারণে করোনার সংক্রমণ নিশ্চিতভাবেই তীব্র হতে চলেছে।
ফাউচি আরো বলেন, আগামী দুই তিন সপ্তাহে আমরা সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হতে দেখবো।
বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
তবে আশার কথা, ফাইজার কোম্পানির ভ্যাকসিনের প্রথম চালান তাদের বেলজিয়ামের ল্যাব থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে।
কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার প্রথম তাদের টিকার কার্যকারিতা ঘোষণা দেয়। পাশাপাশি মডার্না ও তাদের টিকার উচ্চ কার্যকারিতার কথা জানায়।
আগামী ১০ ডিসেম্বর টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন অনুমোদন হওয়ার কথা। এর পরই যুক্তরাষ্ট্রে টিকা দেয়ার কাজ শুরু হয়ে যাবে।
কিন্তু তা সত্ত্বেও আগামী কয়েক মাস নিয়ে ফাউচির মতোই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা দেখভালকারী কর্মকর্তা এডমিরাল ব্রেটগিরর।
তিনি বলেন, হাসপাতালে ভর্তির ২০ শতাংশই করোনা রোগী। সত্যিকার অর্থে এটি খুবই বিপদজনক সময়। এ প্রেক্ষিতে তিনিও ফাউচির মতো মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইত্তেফাক/এসআর
