চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: রবিউল ইসলাম এই দণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের ডলার, সুইট, আলাউদ্দীন, বক্কর আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও বাহার আলী। 

আরো পড়ুনঃ তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত ৭ টার দিকে কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় নামোটিকরী গ্রামের রবিউল ইসলামের ছেলে মুকুলকে বিএম বাজার এলাকায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এঘটনায় মুকুলের পিতা রবিউল বাদী হয়ে ওই বছরের ১২ জানুয়ারি শিবগঞ্জ থানায় ১১ জন এজাহার নামীয় আসামীসহ হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। মামলার ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ৬ আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলার অপর আসামী সুইট পলাতক রয়েছেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে খালাস দেন।

ইত্তেফাক/এমএএম