ফের উত্তপ্ত হয়ে উঠেছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৭

একের পর এক আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এবার ট্রেজারারের কাছে বেতন বৈষম্যের প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন হাবিপ্রবির নতুন পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা। এর প্রতিবাদে তারা বৃহস্পতিবার থেকে সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদার বলছেন, তারাই উল্টো তাকে অবরুদ্ধ করে রেখে সরকারি কাজে বাধা ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও অসদাচরণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিহা ফারহানা, কৃষ্ণ চন্দ্র রায়, হাফিজ আল হোসেনসহ অন্য শিক্ষকরা অভিযোগ করেন, গত ১১ অক্টোবর রিজেন্ট বোর্ডের সভায় তাদের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি করা হয়। কিন্তু পদোন্নতি দেওয়া হলেও পদ অনুযায়ী বর্ধিত বেতন দেওয়া হচ্ছিল না বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি পাওয়া ৬১ জন শিক্ষককে। এই ঘটনার প্রতিবাদ জানাতে ও কারণ জানতে গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদারের কক্ষে প্রবেশ করেন ৬১ জন শিক্ষক। কথা চলাকালীন সিনিয়র শিক্ষকরা তাদের ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। এরপর কতিপয় ছাত্র সিনিয়র শিক্ষকদের ইঙ্গিতে তাদের লাঞ্ছিত করে ও মারধর করে।

এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা ও বর্ধিত বেতন না দেওয়া পর্যন্ত শিক্ষকরা বৃহস্পতিবার থেকে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন। এদিকে হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদার জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষকরা বুধবার তার কাছে এসে অযৌক্তিকভাবে চাপ প্রয়োগ করে। এসময় তারা সরকারি কাজে বাধা দেয় এবং তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সিনিয়র শিক্ষকরা আসলে তারা সিনিয়র শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ ও ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্ররা তাকে এসে উদ্ধার করে।  আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাদের ওপর কে হামলা করেছে, তা তার জানা নেই। ছাত্ররা কিভাবে সেখানে এসেছে, তাও তার জানা নেই।

ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে গত ৪ নভেম্বর থেকে প্রতিদিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে আসছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক ফোরাম।