তেলবাহী লরির চাকা ফেঁটে বিপরীত দিক থেকে আসা সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর- ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০)। গুরুতর আহত মামুনকে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পোনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর হতে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেঁটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পাশ^বর্তী খালে পড়ে যায়। এতে সিএনজি স্কুটারের তিনজন যাত্রী গুরুতর আহত হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত সাহা সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগমকে (৩০) মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মামুনকে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে পাঠান।
নিহত সিএনজি স্কুটার চালকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায় এবং নিহত নারীর বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে।এছাড়া গুরুতর আহত মামুনের বাড়ি উপজেলার শোল্লা এলাকায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।সিএনজি স্কুটার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়েছে।
ইত্তেফাক/কেকে
