পূর্ব সুন্দরবনে হরিণধরা ফাঁদসহ ৫ শিকারি আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:২৪

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা হরিণধরা ফাঁদসহ ৫ জনকে আটক করে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দিয়েছে। 

আটককৃতরা হলো, রফিক (৩৮), শামিম আকন (২৩) মোতালেব হাং (৫০), মনিরুল (৪৫) ও জামাল (৬৫)। তাদের সবার বাড়ি শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে। 

বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, বনরক্ষীরা সুন্দরবনের কটকার জামতলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় ৫ জন হরিণ শিকারিকে আটক করে। আটককৃতদের কাছ থেকে আড়াইশত হাত হরিণধরা নাইলনের ফাঁদ, একটি হরিণের শিং, একটি দা ও একটি কুঠার উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ও হরিণ শিকার করেছে বলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে  বলে এসিএফ জানান।

ইত্তেফাক/এএএম