আনন্দ পট

সবচেয়ে বড় সম্পদ মানুষ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:২৯

 

...এ দেশের মানুষের মেহনতের ফলে দেশের সম্পদ বেড়ে চলেছে। অবশ্য তার সঙ্গে মানুষের সংখ্যাও বাড়ছে; তাই দেশের সম্পদ বাড়া সবটা চোখে পড়ে না। দেশের সম্পদ বাড়লে মানুষের জীবনযাত্রার মানও ক্রমে ক্রমে বাড়বে; বাড়বে মানুষের জীবনে সুখ-শান্তি। কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। দুনিয়ার অন্যান্য উন্নত দেশের সমান হতে হলে আমাদের কৃষি আর শিল্পের উত্পাদন ক্রমে ক্রমে আরো বাড়াতে হবে।

আমাদের দেশে আজো হেক্টর প্রতি ফসলের যে ফলন, অনেক দেশে ফলন হয় তার চার-পাঁচ গুণ বেশি। কলকারখানাতেও মাথাপিছু উত্পাদনের পরিমাণ আমাদের দেশে খুব কম। কৃষি আর কলকারখানার উত্পাদন বাড়াতে না পারলে আমাদের দেশের মানুষের জীবনে সমৃদ্ধি আনা যাবে না।

সেইসঙ্গে মনে রাখতে হবে দেশের আসল সম্পদ হলো মানুষ। এই মানুষের জন্যেই আর সবকিছু। এই মানুষকে যদি উন্নত করা যায় তাহলে আর সব সম্পদই বাড়ানো সহজ হবে। সেজন্য দেশের সব মানুষের জন্যে যোগাতে হবে পুষ্টি, স্বাস্থ্য আর শিক্ষার ব্যবস্থা; সকলের জন্যে দিতে হবে আশ্রয় আর কাজের সুযোগ।

এ দেশের লোক যদি বোঝে তাদের সুখের জন্যেই দেশের সব সম্পদ, তাহলে তারা তাদের মেহনত আর বুদ্ধি দিয়ে আরো বেশি পরিশ্রম করবে, আরো বেশি সম্পদ সৃষ্টি করবে। তাদের মেহনতে তৈরি এই সম্পদ ভাগাভাগি করে ভোগ করবে দেশের সব মানুষ। আর তখন সত্যি সত্যি একদিন স্বাধীন বাংলাদেশ হয়ে দাঁড়াবে ‘সোনার বাংলা’।

সূত্র :সোনার এই দেশ/আবদুল্লাহ আল-মুতী