এই সময়ের ছড়া

নদী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:২৯

জ্যোতির্ময় সেন

 

নদী কী আজ আগের নদী আছে?

নদী এখন নেই তো নদীর কাছে।

 

নদী গেছে অনেক দূরে সরে

চর, বদ্বীপে নদী গেছে ভরে

দখলবাজে করছে নদী দখল

নাব্যতা তাই হারায় নদী-সকল

জীর্ণ-শীর্ণ নদী এখন কষ্ট নিয়ে বাঁচে।

নদী কি আজ সেই সে নদী আছে?

 

নদীর কাছে ময়লা, বর্জ্য আসে

বাতাসে সেই বিশ্রী গন্ধ ভাসে

জন্ম থেকে লক্ষ বছর ধরে

যাচ্ছে নদী তিলে তিলে মরে

এই নদীকে বাঁচাতে আজ মিছিল করছে মাছে—

নদী যদি আসে নদীর কাছে।

 

খাল, কুয়ো, বিল, ডোবা-নালা কাঁদে

জলের ধারা আটকে গেছে বাঁধে

নদী যেন শূন্য মরুভূমি

দুই তীরে তার বাড়ি গগন চুমি

নদীর দুঃখে উল্লাসে আজ নিঠুর দানব নাচে

জীর্ণ-শীর্ণ নদী এখন কষ্ট নিয়ে বাঁচে।