সাম্প্রতিক সময়ে দলের পারফর্ম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও আসছে ইউরোয় কোচ জোয়াকিম লোর ওপরই আস্থা রাখছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। সম্প্রতি এক জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এসেছে ঘোষণাটি। নভেম্বরে স্পেনের কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয় জার্মানি। যার ফলে নেশন্স লিগের শেষ চারে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায় দলটির। এর পর থেকেই প্রশ্ন উঠছিল কোচ লোর ওপর। তবে জার্মান ফুটবল হাঁটছে এর বিপরীত পথেই। গত সোমবার ফ্রাঙ্কফুর্টে এক বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়, কোচ, সমর্থক কিংবা ফুটবল অ্যাসোসিয়েশন; সবার জন্যই ৬-০ ব্যবধানে হারটা ছিল বেশ হতাশাজনক। তবে এক ম্যাচের ফলই কোচের সব অর্জন মুছে দিতে পারে না। আর তাই আগামী ইউরো পর্যন্ত লোর ওপর শর্তহীন আস্থাই থাকছে আমাদের।’
