সর্বস্তরের রুচিশীল, ভোজন রসিক আর বিনোদন প্রিয় মানুষের জন্য রাজধানীতে ‘কালোজিরা’ নামে আরও একটি নান্দনিক রেস্টুরেন্টের শুভ সূচনা হয়ে গেলো। আর এরই সঙ্গে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ, দূরবীন ব্র্যান্ডের ভোকাল আইয়ুব শাহরিয়ারসহ বন্ধু-স্বজন। সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কবি সাদাফ হাসনাইন মনজুর।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল মোহাম্দপুরের রিং রোডে (টোকিও স্কয়ারের বিপরীতে দিকে) শত রকম খাবারের বহর নিয়ে এটির যাত্রা শুরু হয়।
কালোজিরার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাইবার ক্রাইম) নাজমুল ইসলাম, স্বনামধন্য অভিনেতা আহমেদ শরীফ, জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা শামীম জামান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফ টনি খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং সমাজ সেবক মনিরুজ্জামান মনির , অভিনেতা অন্তু করিম, কণ্ঠশিল্পী সাঈদ শহিদ, শিল্পী পরানসহ শিল্পী পরিবার, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ। সকলের উপস্থিতিতে বিশালাকার কেক ও রঙিন ফিতা কেটে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ছোট বেলা থেকে মানুষকে নিজ হাতে খাওয়ানোর ইচ্ছে থেকেই এই আয়োজন। আমি নিজেও রান্না করতে পারি। সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে আমাদের রেস্টুরেন্ট ‘কালোজিরার’ যাত্রা শুরু করলাম। এটি শুধুমাত্র একটি রেস্টুরেন্ট না, আমাদের নিজেদের ঘর। আমার ভক্ত-অনুরাগীসহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সপরিবারে রেস্টুরেন্টে আসবেন, দেখবেন, বসবেন, খাবেন। এটাই আমাদের সার্থকতা।

কালোজিরার তত্ত্বাবধায়ক সাদাফ হাসনাইন মনজুর বলেন, ‘ভোজন রসিক মানুষের তৃপ্তির যথোপযুক্ত ঠিকানা কালোজিরা। আমাদের রয়েছে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ এবং সকলের স্বাদ ও সাধ্যের মধ্যে গুণগত মানসম্পন্ন দেশী-বিদেশি খাবারের শত রকম আইটেম। রেস্টুরেন্টের পাশাপাশি বাঙালিয়ানা চা ও ফার্স্ট ফুডের জন্য একটি ‘টি টার্মিনাল’ করা হয়েছে।
দূরবীন ব্র্যান্ডের ভোকাল আইয়ুব শাহরিয়ার পেশায় একজন চাকুরীজীবী। অনেক দিনের শখ থেকেই তারও রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত হওয়া বলে সকলের কাছে দোয়া চান।
ইত্তেফাক/মোস্তাফিজ
