স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপে পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। তামিম ইকবালের দলের জন্য কিছুটা স্বস্তি রয়েছে যে, অন্তত জয়ের খাতা খুলতে পেরেছেন তারা। অন্যদিকে বিষম চাপে মুশফিকুর রহিমের ঢাকা। টুর্নামেন্টে এখনো জয়শূন্য ঢাকা। তিন ম্যাচ খেলে সব খেলাতেই হেরেছে দলটি।
পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া ঢাকা হন্যে হয়ে জয় খুঁজছে। কিন্তু জয়ের দেখা পাচ্ছে না খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কম্বিনেশন বদলেও আসেনি জয়ের স্বস্তি। ব্যাটিংটা মুশফিকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, কারণ দলের তরুণরা জ্বলে উঠতে পারছে না। তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, নাঈম শেখরা দলের প্রয়োজন মেটাতে পারছেন না ২২ গজে। ব্যাটিং ব্যর্থতায় ডুবছে দলটি। বোলিংয়ে অবশ্য রুবেলসহ অন্যরা ভালোই করছেন।
আজ বরিশালের চ্যালেঞ্জের মুখে পড়বে মুশফিক বাহিনী। মিরপুর স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ঢাকা-বরিশাল ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ম্যাচেও সাইফউদ্দিনকে পাবে না রাজশাহী। দারুণ ছন্দে ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামকে থামানো কঠিন কর্মই হবে শান্তর দলের জন্য।
আজ বরিশালের বিপক্ষে মুশফিকরা জয়ের খাতা খুলতে মুখিয়ে থাকবেন। টুর্নামেন্টে টিকে থাকতে জয় দরকার তাদের। তিন ম্যাচে একটি জয় পাওয়া বরিশালও খুব ভালো অবস্থানে নেই। দল হিসেবে কম্বিনেশনই মেলাতে পারছে না তারা। ভুল কৌশলও ডোবাচ্ছে দলটিকে। জোর করে মিরাজকে ওপেনার বানিয়ে ফল মিলছে না। স্বীকৃত ওপেনার সাইফ হাসানকে বসিয়ে রাখা হয়েছে। দলটি একগাদা আনাড়ি সিদ্ধান্তের কারণে ভুগছে। আফিফের মতো ব্যাটসম্যানের সার্ভিসটা নিতে পারছে না দলটি। তাকে খেলানো হচ্ছে চারে। ইনফর্ম ইরফান শুক্কুরের ব্যবহারও হচ্ছে না। নতুন বল দেওয়া হচ্ছে না বর্তমানে দেশের সবচেয়ে সার্মথ্যবান সুইং বোলার আবু জায়েদ রাহীকে।
আজ বরিশালের সামনে চ্যালেঞ্জ সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া। নিজেদের শিবিরে থাকা শক্তিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিত করা। টানা তিন হারের বিপর্যস্ত পরিস্থিতি ভুলে, চাপ কাটিয়ে জয়ের সন্ধানে নামবে ঢাকা। দুই দলের লড়াইটা জমে যাওয়ার সম্ভাবনা প্রবল।
আজকের খেলা
ঢাকা-বরিশাল, দুপুর ১টা ৩০
চট্টগ্রাম-রাজশাহী, সন্ধ্যা সাড়ে ৬টা (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
