ছয় দলের প্রিমিয়ার বাস্কেটবল লিগ শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বাস্কেটবলের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, প্রিমিয়ার লিগের ১০ দলের মধ্যে থেকে ছয় দলই আসেনি। গ্রেগরিয়াস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, ফ্লেইম বয়েজ, শাওনস, ঈগলেটস, গ্রেগস খেলছে না। সদস্যসমাপ্ত প্রথম বিভাগ লিগ চ্যাম্পিয়ন যোশেফাইটস, রানার্সআপ ওল্ড ডিওএইচএস, হরনেটস, রেঞ্জার্স, ধূমকেতু এবং বকশীবাজার ক্লাবসহ ছয় দল নিয়ে গতকাল সকালে ধানমন্ডি বাস্কেটবল উডেন ফ্লোর জিমনেসিয়ামে লিগের উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। গ্রেগরিয়াসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সিকদার জানিয়েছেন তারা করোনা ভারাইরাসের কারণে খেলাটা এখনই আয়োজন না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু ফেডারেশন সেটি আমলে নেয়নি।

বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘মিরপুরে টি-২০ চলছে। কাতারে ফুটবল দলে খেলছে। নেপাল এসেছিল ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে। অন্যান্য দেশেও খেলা হচ্ছে। তাহলে আমরা কেন বসে থাকব। যে ছয় দল আসেনি, আমরা দলগুলোর সঙ্গে বসে কথা বলেছিলাম। সুবিধা-অসুবিধার বিষয়টা দেখতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে খেলা না হওয়াটা কেমন দেখায়। ক্রীড়া মন্ত্রণালয়ও বলেছে আমরা সীমিত আকারে খেলা আয়োজন করছি।’ সাধারণ সম্পাদক একে সরকার বললেন, ‘করোনা কবে শেষ হবে কেউ জানে না। এখন খেলা হোক। যদি সরকার লকডাউন দেয় তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে।’ সাধারণ সম্পাদকের দাবি ছয় ক্লাবের অনেক খেলোয়াড় লিগে খেলছেন। ছয় দলের ভাগ্য নিয়ে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মইনুল আহসান মঞ্জু বললেন, ‘বাইলজে রয়েছে তারা নেমে যাবে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় কোচ কর্মকর্তা এবং ফেডারেশন কর্মকর্তাদেরও করোনা পরীক্ষা করে সুরক্ষা করা হয়েছে।’