চীনের কাছ থেকে করোনার টিকা পেয়েছেন কিম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩৮

গোয়েন্দা তথ্যের বরাতে মার্কিন বিশেষজ্ঞের দাবি

 রয়টার্স

চীনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার পরিবারকে করোনা ভাইরাসের পরীক্ষামূলক টিকা সরবরাহ করা হয়েছে। জাপানি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক মার্কিন বিশ্লেষক মঙ্গলবার এমনটাই দাবি করেছেন।

ওয়াশিংটনে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস দাবি করেছেন, কিমসহ উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও টিকা দেওয়া হয়েছে। তবে কিমের পরিবার কোন প্রতিষ্ঠানের তৈরি টিকা পেয়েছে, তা জানানো হয়নি। ঐ টিকা নিরাপদ প্রমাণিত কি-না, তাও জানা যায়নি। নাইনটিনফোরটিফাইভ নামের একটি অনলাইন সাইটে একটি নিবন্ধ লিখেছেন কাজিয়ানিস। এতে তিনি বলেছেন, ‘গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিমসহ তার পরিবারের সদস্য, উচ্চপর্যায়ে কর্মকর্তা ও নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে ঐ টিকা সরবরাহ করা হয়েছে।’ যুক্তরাষ্ট্রের চিকিত্সাবিজ্ঞানী পিটার জে হোটেজকে উদ্ধৃত করে কাজিয়ানিস বলেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রুপ। সিনোফার্ম জানিয়েছে, চীনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে এ তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো তাদের পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের দেশে করোনার সংক্রমণ শনাক্তের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলছে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করায় তাদের দেশে করোনার সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চীনে করোনার উত্পত্তি হয়েছিল। তবে গত জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।