ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৫৭

 আল জাজিরা ও রয়টার্স

ইসরাইলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতগামী ইসরাইলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে এ অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর এ অনুমতি দিল রিয়াদ।

দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী ইসরাইলগামী বা ইসরাইল থেকে ছেড়ে যাওয়া বিমানগুলোকে সৌদির আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হতো না। তবে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদের এ নীতির পরিবর্তন হয়েছে। আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আকাশসীমা হয়ে বাহরাইনে পৌঁছায় ইসরাইলি প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর থেকেই গুঞ্জন চলছে সৌদি আরবও একই পথে হাঁটবে কি-না। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর সামনে আসার পর সেই গুঞ্জন জোরাল হয়েছে।

চলতি সপ্তাহের শেষে কুশনার এবং তার একটি দল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে। সৌদি ও কাতারের মধ্যেকার বিবাদ নিরসনই তার এই সফরের মূল উদ্দেশ্য। সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদিসহ চার আরব দেশ। যদিও এ ধরনের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে কাতার।