ভালো নেই ডিপ্লোমা শিক্ষার্থীরা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:২৯

প্রতি বছর এই সময় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যেত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিটি সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতো। শিক্ষার্থীরা ব্যস্ত থাকত প্রস্তুতি শেষবারের মতো ঝালিয়ে নিতে। পাশাপাশি অ্যাসাইমেন্ট ও ব্যবহারিক খাতা তৈরি চলত। কিন্তু এ বছর নেই কোনো কর্মচাঞ্চল্য।

কম্পিউটার, তড়িত্ (ইলেকট্রিক্যাল), যন্ত্রকৌশল (মেকানিক্যাল), পুরকৌশল (সিভিল) থেকে শুরু করে খাদ্য, পর্যটন, চিকিত্সাপ্রযুক্তিসহ এমন কোনো প্রায়োগিক বিষয় নেই, যা পলিটেকনিকে পড়ানো হয় না। তাই তো বর্তমানে ডিপ্লোমা কোর্সের প্রতি আগ্রহী শিক্ষার্থীরা।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর কেটে গেছে ৮ মাসেরও বেশি সময়। এর মধ্যে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ছাড়া সব শিক্ষাক্রমের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অনেকটাই পরিষ্কার করা হয়েছে। কিন্তু জানুয়ারি-জুন এক পর্বের মেয়াদ শেষ হলেও ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। জুলাই-ডিসেম্বরের নতুন পর্বের মেয়াদও প্রায় শেষের পথে। এতে করে সেনশনজটের আশঙ্কায় রয়েছে লাখ লাখ শিক্ষার্থী। ডিপ্লোমা পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী মধ্য ও নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের বেশিরভাগকেই টিউশনি ও অন্যান্য কাজ করে নিজেদের লেখাপড়ার খরচ জোগাড় করতে হয়। করোনার কারণে কর্মক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে শিক্ষার্থীরা। তাই অষ্টম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা বাস্তবায়ন, অন্য পাবলিক পরীক্ষার মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল গণমাধ্যমে প্রকাশ এবং কারিগরি শিক্ষার মনোন্নয়নে দ্রুত যুগোপযোগী পদক্ষেপ নেওয়া জরুরি।

নিয়ামুর রশিদ শিহাব

শিক্ষার্থী, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট