হবিগঞ্জে তিন বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ!

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে আঞ্চলিক মহাসড়কের সংযোগ রক্ষাকারী তিনটি পুরাতন বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজগুলো হলো— হবিগঞ্জ শহরের উত্তরপ্রান্তে চৌধুরী বাজারের কাছে ৮৫ মিটার দীর্ঘ খোয়াই নদীর ওপর বেইলি ব্রিজ, এর পূর্ব দিকে ২৬০ ফুট দীর্ঘ কিবরিয়া বেইলি ব্রিজ এবং হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে ১৫০ মিটার দীর্ঘ বালিখাল নদীর ওপর বেইলি ব্রিজ। দেখা গেছে, ব্রিজগুলোর মধ্যে বেশির ভাগ যানবাহন ও জনসাধারণ চৌধুরী বাজার এলাকায় পুরাতন খোয়াই বেইলি ব্রিজ ব্যবহার করে। স্থানীয়রা জানান, ১৯৯৯ সালে বানিয়াচঙ্গে গ্যাস অনুসন্ধানকালে এই ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সুবিধার্থে পাকা পিলারের পাশে অতিরিক্ত লোহার খুঁটি লাগানো হয়। বর্তমানে এ সব খুঁটি স্থানচ্যুত ও নড়বড়ে হয়ে পড়ায় মূল ব্রিজটি হুমকির সম্মুখীন।

জানা যায়, পুরাতন এই ব্রিজগুলোর স্টিল প্লেট, গার্ড লক, স্ক্রু ইত্যাদি স্থানচ্যুত হয়ে যাওয়ায় অনেক সময় ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটছে। এছাড়া পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। প্রায় দুই দশক পূর্বে হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক হিসেবে উন্নয়ন করায় উল্লেখিত ব্রিজগুলোর গুরুত্ব অত্যধিক বৃদ্ধি পায়। একই সঙ্গে যানবাহন ও জনসাধারণের চলাচলের পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পায়। খোয়াই ব্রিজের ওপর চাপ হ্রাসের লক্ষ্যে চৌধুরী বাজার বেইলি ব্রিজের পশ্চিম পাশে কামড়াপুরে ৩৬০ ফুট দীর্ঘ মেজর জেনারেল এম এ রব ব্রিজ এবং পূর্ব পাশে খোয়াই মুখ নামক স্থানে সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া স্মরণে ২৬০ ফুট দীর্ঘ কিবরিয়া ব্রিজ নির্মিত হয়।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজগুলো প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এছাড়া জাইকার অর্থায়নে উল্লেখিত তিনটি বেইলি ব্রিজের স্থলে তিনটি পাকা ব্রিজ নির্মাণের ব্যাপারে একটি তালিকা ঢাকায় সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যায় উপযুক্ত মূল্যায়নের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।