নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
অবশেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে নাগরপুরের ঐতিহ্যবাহী চৌধুরিবাড়িখ্যাত নাগরপুর জমিদারবাড়ি। সোমবার দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র কমিশনার উপমা ফারিসা ও নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। এ সময় থানার ওসি মো. আনিসুর রহমান আনিস ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ সময় নাগরপুর মহিলা কলেজের আটটি ও নাগরপুর শহিদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দখলে থাকা একটি ভবন উদ্ধার করা হয়। এসব ভবনে স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জমিদার বাড়ির মূল ভবনে মহিলা কলেজের কার্যক্রম চললেও এর অন্য ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় জননিরাপত্তার স্বার্থেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। দখলমুক্ত ভবনগুলো সিলগালা করা হয়েছে। এদিকে সিলগালা জরাজীর্ণ ভবনগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে অনুপ্রবেশ না করার জন্য সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে থাকা লোকদের ভবন ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হয়। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
