কুমিল্লায় তিন ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৭

কুমিল্লার লাকসামে তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো:আব্দুর রহমান (২৫), শহিদুল্লাহ সহিদ (২৭), ফারুক হোসেন (৩০), রাসেল(৩০) ও স্বপন(৩০)। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ জানুয়ারি রাতে লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া(৩৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় লাকসামের শ্রীয়াং ও রাজাপুর রাস্তার বদিরপুকুরে পৌঁছলে দণ্ডপ্রাপ্তরা ডাকাত পরিচয়ে ১৪শ’ টাকার জন্য রাস্তার পাশে ফসলি জমিতে নিয়ে তিনজনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ৭ জানুয়ারি বাচ্চু মিয়ার ছোটভাই কবির হোসেন বাদী হয়ে লাকসাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে লাকসাম থানা পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।