ইত্তেফাক ডেস্ক
করোনা সংক্রমণের মধ্যে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রংপুর : মাস্ক না পরায় ২৯ জনকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
ভূঞাপুর (টাঙ্গাইল) : মঙ্গলবার ভূঞাপুর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে ২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
স্বরূপকাঠি (পিরোজপুর) : উপজেলায় ২১ পথচারী ও দোকানদারকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার ইন্দুরহাট, মিয়ারহাট ও আলকিরহাটে ইউএনও মো. মোশারেফ হোসেন এবং জগন্নাথকাঠি বন্দর ও কুড়িয়ানা বাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
নান্দাইল (ময়মনসিংহ) :গতকাল মঙ্গলবার পৌরসভা সদরের বাজারে অভিযান চালিয়ে ২০ জনকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
