কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মুছা আহম্মেদ মুন্না (২৯) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
