শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমছে। তবে সিএসইতে বেড়েছে লেনদেন।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট মূল্যবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৯২টি এবং ১০৯টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০৪ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪০ কোটি ৩৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রগতী ইনসিওরেন্সের ২১ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৪৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, ন্যাশনাল ফিড, কাশেম ইন্ডাস্ট্রিজ, নর্দান ইসলামী ইনসিওরেন্স ও নিটল ইনসিওরেন্স।
এদিকে সিএসইর সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
