ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ হায়াকায়া ইয়োহো গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এসময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন উপস্থিত ছিলেন। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানের রাষ্ট্রদূত প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জাপানের বিনিয়োগকারীরা অত্যন্ত আগ্রহী হয়ে রয়েছে এ অঞ্চলে বিনিয়োগ করার জন্য। জাইকার চিফ বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ অর্থনৈতিক অঞ্চলটির কাজ এখন পূর্ণোদ্যমে এগিয়ে চলছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক সাফল্য। উল্লেখ্য, জোনটি উন্নয়নে জাপানের সুমিতমো করপোরেশন ডেভেলপার হিসেবে কাজ করছে। পবন চৌধুরী বলেন, ঢাকার অতি কাছে যোগাযোগসহ সব সুবিধা নিয়ে এ অঞ্চলটি হয়ে উঠবে জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ হাজার একর জমির ওপর জাপানি এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এটি হবে দেশের প্রথম জিটুজি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল।
