মৃত ৩১ জনের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:২৬

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৯৩ জন। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিশোর্ধ্ব দুই জন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব সাত জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে পাঁচ জন, রাজশাহীতে এক জন, সিলেটে এক জন এবং ময়মনসিংহ বিভাগের এক জন রয়েছেন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার  ২৯৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৬৭৫ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন হয়েছে।