কর্মকর্তা লাঞ্ছিত

সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:২৭

পানগাঁও কাস্টম হাউজে ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে একজন রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশের ভ্যাট ও কাস্টম অফিসে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। একই দাবিতে আজ সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। আজকের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণদিবস সব শুল্ক ও ভ্যাট অফিসে কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এক সপ্তাহ আগে পানগাঁও কাস্টম হাউজে একজন রাজি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও ফাইল ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে লুত্ফুল কবীর নামে এক যুগ্ম কমিশনারের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন রাজস্ব কর্মকর্তারা। তাদের অভিযোগ, এর আগেও ঐ কর্মকর্তা অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার ও গায়ে হাত তুলেন। 

এদিকে গতকাল কর্মবিরতি চলাকালেই পানগাঁও কাস্টম হাউজে মোটরসাইকেল বহরসমেত বহিরাগতরা শোডাউন করার পাশাপাশি এবং আন্দোলনরতদের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ কাস্টম অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) এর সাধারণ সম্পাদক মজিবুর রহমান ইত্তেফাককে বলেন, অভিযুক্ত কর্মকর্তা বহিরাগতসহ ৫০-এর অধিক মোটরবাইক নিয়ে শোডাউন দিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়টি সুরাহা করতে এনবিআরের একজন সদস্যকে প্রধান করে কমিটি গঠন করেছে এনবিআর। ইতিমধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।