আইসিডিডিআরবির সঙ্গে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ট্রায়াল চুক্তি বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০০:১৭

কোভিড-১৯-এর টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য দেড় মাস আগে আইসিডিডিআরবির সঙ্গে যে সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছিল তা বাতিল করেছে গ্লোব বায়োটেক। গতকাল মঙ্গলবার গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এ তথ্য জানিয়ে বলেন, পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে গত তিন মাসে আইসিডিডিআরবির কোনো অগ্রগতি নেই। আমরা বিষয়টি নিয়ে খুবই বিরক্ত। এ কারণে গতকাল তাদের চিঠি দিয়ে চুক্তি বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছি। তবে এ বিষয়ে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে গতকাল তেজগাঁওয়ে গ্লে­াব বায়োটেকের অফিসে ব্যানকোভিডের তৃতীয় ধাপের ট্রায়াল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান গ্লে­াব বায়োটেকের ভ্যাকসিন ব্যানকোভিডের নাম পরিবর্তন করার পরামর্শ দেন। তিনি ব্যানকোভিডের পরিবর্তে ভ্যাকসিনের নাম ‘বঙ্গভ্যাক্স’ রাখার প্রস্তাব করেন।