চলছে কথার লড়াই, চীন-অস্ট্রেলিয়া উত্তেজনা বাড়ছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১২:১১

সামাজিক মাধ্যম টুইটারে 'বিতর্কিত ছবি' পোস্টের জন্য চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সর্বশেষ চীন জানিয়েছে, অস্ট্রেলিয়া ওই পোস্টের 'ভুলব্যাখ্যা' দিচ্ছে।  

মঙ্গলবার অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটের পোস্ট নিয়ে কিছু অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ ও মিডিয়ার তর্জন-গর্জন অপব্যাখ্যা এবং অতিরঞ্জিত প্রতিক্রিয়া ছাড়া কিছু না।     

ঘটনার সূত্রপাত, সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ান একজন সৈন্য রক্তমাখা একটা ছুরি এক শিশুর গলার কাছে ধরে আছে।  পাশে দাঁড়ানো শিশুটির একটি ভেড়াকে ধরে আছে।  অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ছবি বানোয়াট।  

অস্ট্রেলীয় সেনাদের বিরুদ্ধে দুজন ১৪ বছরের আফগান কিশোরকে ছুরিকাঘাতে হত্যার যে অভিযোগ খবরে এসেছিল, মনে করা হচ্ছে সেই অভিযোগের কথা আরও তুলে ধরার লক্ষ্যে চীন এই ছবি পোস্ট করেছে।      

এমন ছবি পোস্ট করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয়, চীন যেন ক্ষমা চায়। তবে অস্ট্রেলিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে চীন জানিয়েছে তারা এনিয়ে দুঃখ প্রকাশ করবে না।     

এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেন, ওই পোস্টের জন্য ক্ষমা দাবি করার বদলে অস্ট্রেলিয়ার উচিৎ লজ্জিত হওয়া।

এদিকে বর্তমানে চীন এবং অস্ট্রেলিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এছাড়া চীনকে পাল্লা দিতে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মিলে হাইপারসনিক মিসাইল তৈরি করছে। এনডিটিভি, গার্ডিয়ান  

ইত্তেফাক/এসআর