আজ বুধবার তৃতীয় দিনের মতো বেনাপোল কাস্টমস হাউসে কর্মবিরতি পালন করছেন খুলনা কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (খুকাএভ)-এর সদস্যরা।সকাল থেকে শুরু হয়ে দুপুর ২ পর্যন্ত এ কর্ম বিরতি চলবে।
বেনাপোল কাস্টম হাউসের কর্মরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্তকর্তারা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে দুপুর ২ টা পর্যন্ত আমদানি রফতানি কার্যক্রম বন্ধ সহ শুল্কায়নের কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে গত তিন দিনে বেনাপোল কাস্টম হাউস থেকে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আদায় বঞ্চিত হয়েছেন।
ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সোমবার (৩০ নভেম্বর) বেনাপোল কাস্টম হাউসে খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার(১ ডিসেম্বর) বেনাপোল কাস্টমস হাউসে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুকাএভ এর কর্মকর্তারা কলম বিরতি পালন করেন। আজ বুধবার তৃতীয় দিনের মতো সকাল থেকে দুপুর ২ পর্যন্ত এ কর্মবিরতি পালন করছেন।
বেনাপোল খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র কে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুসি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টম হাউজের ন্যায় বেনাপোল কাস্টম হাউজেও আমরা আজ দুপুর ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো। তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
ইত্তেফাক/এমআর
