করোনায় হতদরিদ্রের সংখ্যা ৪০ ভাগ বেড়েছে :জাতিসংঘ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:১৯

রয়টার্স

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব জুড়ে হতদরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মানবিক সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। আগামী বছর থেকেই এ সাহায্যের প্রয়োজন পড়বে এবং এজন্য জাতিসংঘের ৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্ক লোকক মঙ্গলবার বলেন, ‘এই মহামারি বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামী বছর যাদের মানবিক সাহায্যের প্রয়োজন পড়বে তারা সবাই যদি একটি দেশে বাস করতেন, তাহলে সেটি বিশ্বের পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হতো। ’ জাতিসংঘ ২০২১ সালে ৫৬টি দেশে মানবিক ত্রাণ পৌঁছে দিতে ৩৪টি পরিকল্পনা করেছে। সংস্থাটি এর মাধ্যমে ১৬ কোটি মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চায়। তার বাইরেও আরো অনেক মানুষের সহায়তা প্রয়োজন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় সাড়ে ২৩ কোটি মানুষকে ক্ষুধা, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করোনা ভাইরাস মহামারির প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। লোকক বলেন, ‘আমরা সবসময়ই হতদরিদ্র ঐ সব মানুষদের দুই-তৃতীয়াংশের কাছে পৌঁছাতে চাই। বাকি যারা থেকে যাচ্ছে তাদের রেড ক্রসের মতো অন্যান্য দাতব্য সংস্থা সহায়তার চেষ্টা করবে, যাতে সেই শূন্যতা পূরণ করা যায়।’