সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে সন্ত্রাসীদের হামলায় মিন্টু হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে জিল্লুর রহমান নামের অপর এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নূরুদ্দিনপুর ব্রিজের ওপর ঐ হামলার ঘটনা ঘটে। নিহত মিন্টু উপজেলার খলিলপুর গ্রামের মজিবর রহমান হাজামের ছেলে। আহত জিল্লুরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজানগর থানাধীন কামালপুর ক্যাম্পের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিন্টু ও জিল্লুর নুরুদ্দিনপুর ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল। পূর্ববিরোধের জেরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিন্টু নিহত এবং জিল্লুর আহত হয়। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, ঐ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
