বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে বাজারে ভেজাল কীটনাশকের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। না বুঝে এসব ভেজাল কীটনাশক ব্যবহার করে উপকারের পরিবর্তে উলটো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। উপজেলা উপসহকারী কৃষি সাহার আলী বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। কীটনাশক আসল না নকল, সেটা বলতে পারব না। এগুলো কোম্পানির ব্যাপার। উনাক কোম্পানির মার্কেটিং অফিসার গোলাম রসুল বলেন, কৃষকরা নিয়ম মেনে প্রয়োগ না করার কারণে সমস্যা হতে পারে। বদলগাছী বাজারে অবস্থিত ফারুক কীটনাশক দোকানের মালিক শিপলু হোসেন বলেন, আমাদের কাছেও অনেক কৃষক এ ধরনের অভিযোগ নিয়ে আসছে। উপজেলার কোলা ইউনিয়ন কেশাইল গ্রামের দেলোয়ার হোসেন, পাড়োরা গ্রামের আব্দুল বারীক চাংলা গ্রামের পলাশ হোসেন বলেন, দুই বছর আগে যে কীটনাশকের দাম ছিল ২০০ টাকা, সেটি এখন ৩৫০ টাকা। কিন্তু আগের মতো কাজ হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, অনেক সময় ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলে এ সমস্যা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, জরুরি ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
