বেনাপোল কাস্টমস হাউজে তৃতীয় দিনের মতো কর্মবিরতি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:২৫

রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত

বেনাপোল (যশোর) সংবাদদাতা

তৃতীয় দিনের মতো গতকাল বুধবারও বেনাপোল কাস্টমস হাউজে কর্মবিরতি পালন করছেন খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের (খুকাএভ) কর্মকর্তারা। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। বেনাপোল কাস্টম হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্তকর্তারা কর্মবিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে দুপুর ২টা পর্যন্ত আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধসহ শুল্কায়নের কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে গত তিন দিনে বেনাপোল কাস্টম হাউজ থেকে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আদায় বঞ্চিত হয়েছে।

ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউজের যুগ্ম কমিশনার দ্বারা রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গত সোমবার বেনাপোল কাস্টম হাউজে খুকাএভ-এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউজে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেন। বুধবার তৃতীয় দিনের মতো সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন।