মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
বেতনবৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের মতো মধুখালীতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি চলছে। বুধবার সপ্তম দিনের মতো স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন। এর কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আসা শত শত মা ও শিশু টিকা দান থেকে বাদ পড়ে যাচ্ছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি অহিদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিয়োগবিধি সংশোধনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দিয়ে থাকেন।
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, দশমিনায়ও বুধবার সপ্তম দিনের মতো বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েসন, বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও স্বাস্থ্য বিভাগ মাঠ কর্মী অ্যাসোসিয়েসন দশমিনা উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, বেতনবৈষম্য দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
