দেশ জেনারেল ইনসিওরেন্সের আইপিও অনুমোদন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে দেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ উত্তোলন করে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পুনর্মূল্যায়ন ছাড়া) ১১.৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।