শীর্ষ ১৪০ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে এনবিআর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

দেশব্যাপী মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী ১৪০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের একটি তালিকাও তৈরি করেছে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে ৯টিকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হবে। বাদবাকি জেলা পর্যায়ের শীর্ষ ভ্যাট প্রদানকারী ১৩১টি প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। মূলত ভ্যাট কোনো ব্যবসাপ্রতিষ্ঠান দেয় না। ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে তা সরকারের কোষাগারে জমা দেওয়া প্রতিষ্ঠানের দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে যারা সবচেয়ে বেশি ভ্যাট জমা দিতে পেরেছেন, তাদের সম্মানিত করা হবে।

জাতীয় পর্যায়ে উত্পাদন, ব্যবসা ও সেবা—এই তিন খাতে তিনটি করে মোট ৯টি শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে। উত্পাদন পর্যায়ে শীর্ষ ভ্যাট প্রদানের তালিকায় রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস ও কেয়ার ইলেকট্রনিক্স। ব্যবসা পর্যায়ে হ্যামকো করপোরেশন, সিমেন্স বাংলাদেশ ও গুলশানের ইউনিমার্ট লিমিটেড। আর সেবা খাতে সামিট কমিউনিকেশন্স, কাতার এয়ারওয়েজ ও চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেড।