স্পোর্টস ডেস্ক
শ্বাসরুদ্ধকর শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী ভারত। তাতে অর্জনও হয়েছে একটা, আইসিসি ওয়ানডে লিগে একটা পয়েন্ট অন্তত নিশ্চিত করেছেন বিরাট কোহলিরা।
ক্যানবেরার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গতকাল বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হজম করে এক ধাক্কা। শিখর ধাওয়ানকে হারানোর ধাক্কাটা সামলাতে না সামলাতেই হারায় শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ারকেও। এরপর অধিনায়ক কোহলির অর্ধশতকে বড় সংগ্রহের দিকেই ছুটছিল দলটি। দলীয় ১৫২ রানে কোহলি ফিরলে শঙ্কায় পড়ে ভারত। তবে এরপর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিতে ৩০২ রানে বড় সংগ্রহ গড়ে ভারত।
জবাবে অস্ট্রেলিয়াও শুরুতেই ধাক্কা হজম করে, নটরাজনের শিকার হয়ে সাঁজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথও ফেরেন অল্প রানেই। একই পথ ধরেন মোজেস হেনরিকস ও অভিষিক্ত গ্রিন। ১৫৮ রানে ৫ উইকেট হারালে চাপেই পড়ে স্বাগতিকরা। আগের দুই ম্যাচের মতো অবশ্য এদিনও দলের ত্রাতারূপে আবির্ভূত হন তিনি।
অ্যালেক্স ক্যারির সঙ্গে ৫২ ও অ্যাশটন অ্যাগারের সঙ্গে ৫৮ রানের জুটিতে দলকে জয়ের পথে ফেরান তিনি। ম্যাচের নাটকীয়তা তখনো বাকি অনেকটাই। ৩৮ বলে চার ছক্কা ও তিন চারে ৫৯ রান করা ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ভারতকে আবারও ম্যাচে ফেরান বুমরাহ। শেষ ওভারে অলআউট হবার আগে ২৮৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া, ভারত জেতে ১৩ রানে।
