কাঁটাতারে জিদানের ভবিষ্যত্
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’-এর ম্যাচে শাখটার ডনেটস্কের কাছে ০-২ গোলে পরাজিত হওয়া রিয়াল মাদ্রিদের শেষ ষোলর আশা আরেকটি বড়সড় ধাক্কা খেলো মঙ্গলবার রাতে। অন্যদিকে আয়াক্সকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে লিভারপুল, গ্ল্যাডবাখকে হারিয়ে শেষ ষোলর আশা বাঁচিয়ে রাখল ইন্টার।
সার্জিও রামোস, এডেন হ্যাজার্ডবিহীন রিয়ালকে ঘরের মাঠে হারাতে তেমন বেগ পেতে হয়নি লুইস ক্যাস্ট্রোর শাখটারের। ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডেন্টিনিয়ো। খেলার ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানোর সলোমন।
এক ইউক্রেনিয় দলের বিপক্ষে টানা দুই পরাজয়, মানতেই পারছে না রিয়াল মাদ্রিদ শিবির। উঠেছে ম্যানেজার জিনেদিন জিদানের পদত্যাগের দাবিও। তবে এখনই পদত্যাগের কথা চিন্তা করছেন না জিদান, জানিয়ে দিলেন সাফ, ‘আমি পদত্যাগ করছি না। আমি লড়াই চালিয়ে যেতে চাই। আমরা প্রথমার্ধে বেশ ভালো খেলেছি, কিন্তু গোল করতে পারিনি। আমরা ভালো খেলছি, ভালো প্রেস করছি, কিন্তু বলটা ভেতরে ঢুকতে চায়নি।’
শাখটারের কাছে হারলেও অবশ্য শেষ ষোলর আশা এখনো শেষ হয়ে যায়নি ১৩ বারের চ্যাম্পিয়নদের। গ্রুপের শেষ ম্যাচে বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখকে হারালেই মিলবে পরের পর্বের টিকিট। এই গ্রুপের অন্য ম্যাচে গ্রুপ শীর্ষে থাকা মুনশেনগ্ল্যাডবাখকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলর আশা এখনো বাঁচিয়ে রেখেছে এন্তনিও কন্তের ইন্টার মিলান। নক-আউট পর্বে যেতে হলে পরবর্তী ম্যাচে শাখটারকে তো হারাতে হবেই, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রিয়াল-গ্ল্যাডবাখের ম্যাচের ফলাফলের দিকে।
অন্যদিকে ইনজুরিতে জর্জরিত লিভারপুল ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ষোল। শুধু পরবর্তী পর্বই না, একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নের তকমাটা বুঝে নেওয়া লিভারপুলের পারফরম্যান্সে বেশ খুশি ম্যানেজার য়ুর্গেন ক্লপ, ‘দর্শক ছাড়া ম্যাচগুলোর মধ্যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠিন এবং ব্যতিক্রম জয়’। গ্রুপ ‘সি’র ম্যাচে ম্যান সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেই শেষ ষোল নিশ্চিত করেছে এফ সি পোর্তো। ‘এ’ গ্রুপের ম্যাচে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরবর্তী ম্যাচে রেডবুল সালসবুর্গের বিপক্ষে হার এড়ালেই শেষ ষোল নিশ্চিত করবে দিয়েগো সিমিওনের দল।
