নারায়ণগঞ্জে শীতবস্ত্র বেচাকেনার ধুম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফুটপাতে চলছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা। মধ্যবত্তি, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ এখান থেকে শীতের কাপড় কেনাকাটা করছে। ২ নম্বর রেলগেট, চাষাঢ়া, কালীবাজার, হকার্স মার্কেটসহ নগরীর বিভিন্ন স্থানের ফুটপাত ও মার্কেটগুলো ঘুরে দেখা গেছে শীতবস্ত্র বেচাকেনায় তীব্র ভিড়। করোনার দ্বিতীয় ওয়েব চললেও মানুষকে ঈদ বাজারের মতো আগ্রহ নিয়ে শীতের কাপড় কিনতে দেখা গেছে। ভিড়ের কারণে দরাদরি ও যাচাই-বাছাই করে কেনার সুযোগ পাচ্ছে না ক্রেতারা।

শীতবস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে—ছোট বাচ্চা ও বয়স্কদের কাপড়। টুপি, হাত-পায়ের মোজা, মাফলার, সোয়েটার, ফুলহাতা গেঞ্জি বিক্রির ফুটপাতের দোকানেই বেশি ভিড় দেখা গেছে। কালীরবাজার পোস্ট অফিসের সামনে ও চারারগোটে লেপ, কম্বল তৈরি ও বিক্রির দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। এ সুযোগে বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা।

নগরীর ২ নম্বর রেলগেট এলাকার ফুটপাতের এক ব্যবসায়ী বলেন, ‘করোনার কারণে দীর্ঘ সময় কোনো উপার্জন করতে না পারায় অর্ধাহারে কখনো আবার অনাহারে দিন কাটিয়েছি। করোনার প্রকোপ কিছুটা কমায় ফুটপাতে বসা শুরু করলেও পুলিশের কারণে বসতে সমস্যা হচ্ছে। এখন চারদিকে শীতের আবহ শুরু হয়েছে, যদি বেচাকেনার জন্য কিছুদিন সময় পাই তাহলে করোনাকালীন ব্যাবসায়িক ক্ষতি কিছুটা হলেও পোষাতে পারতাম।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘গত বছরও শীতবস্ত্রের বিক্রি ভালোই ছিল। তবে করোনার কারণে এবং গত প্রায় এক বছর ধরে পুলিশ ও সিটি করপোরেশনের ধারাবাহিক উচ্ছেদের কারণে আমাদের ব্যবসার বারোটা বেজে গেছে। গত কয়েক মাস করোনার কারণে বসতে পারি নাই, যদি কটাদিন সুযোগ পাওয়া যায় তাহলে লস কিছুটা কাটিয়ে ওঠা যাবে।’