স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্বামীকে পুরুষ অঙ্গ কেটে ও জবাই করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় দেন। আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারীর নাম রোজিনা বেগম। তিনি ফতুল্লার চিতাশালের নুরবার্গ এলাকার নিহত সিরাজুল ইসলামের স্ত্রী। খুনের শিকার সিরাজুল ইসলামের ভাই সফিজুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ফতুল্লার চিতাশালের বাড়িতে থেকে দুই ভাই এক সঙ্গে জুরাইন রেলগেট বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। ঘটনার দিন ২০০৩ সালের ২৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় বাসায় চলে আসেন সিরাজ। আর সফিজুল আসেন রাত সাড়ে ১০টায়। ২৪ অক্টোবর রাত ৩টায় রোজিনা ও কনিষ্ঠ ভাই শফিকুল বলেন, ঘরে সিরাজকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দেখতে পাই, সিরাজ গলাকাটা অবস্থায় পড়ে আছেন। এরপর তার স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে অভিযোগে জানাই।
