বিএনপি সুবিধাবাদে বিশ্বাসী বলেই দলে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় :কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৪১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়। গতকাল বুধবার সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। আর সুবিধাবাদী-দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। ‘মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে, জাতি তা জানতে চায়? তিনি বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন তালমাটাল, তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। কিন্তু এই দুঃসময়ে বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

‘বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে’ মর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনেশুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।