দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১৯৮ জন। আর এ পর্যন্ত ১০ বছরের কম বয়সি ৩৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন হলো। আর মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭১৩ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৫৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ, মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর নারী ১৩ জন। তাদের মধ্যে ৩৭ জন হাসপাতালে ও এক জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, চার জন করে মোট ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জন করে মোট দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ৩৩ জনের বয়স ছিল ১০ বছরের কম। মৃতদের মধ্যে ৩০ জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট দুই জন রাজশাহী ও খুলনা বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা।
