থুতনিতে মাস্ক পরে ঘুরলে দ্বিগুণ জরিমানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। তবে সাধারণ মানুষ মাস্ক ঘরে রেখে বাইরে এসে নানা অজুহাত শোনাচ্ছেন প্রশাসনকে। কিছু মানুষ মাস্ক পরলেও সেটা তারা থুতনিতে রেখে দিচ্ছেন। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলছেন, সচেতনভাবে বিষয়টি অবহেলা করার জন্য এই ধরনের মানুষদের দ্বিগুণ জরিমানা করা হচ্ছে।

গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত র্যাব-১০-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৩০ জনকে মাস্ক না পরার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে আদালত। এছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ও তাদের সচেতনতা বৃদ্ধি করতে নানা পরামর্শ দেওয়া হয়েছে। অভিযান চলাকালীন পলাশ বসু সাংবাদিকদের বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে মাস্ক ব্যবহার বেড়েছে বলা যায়। এখন অনেকেই সচেতন হয়েছেন। আমরা এই সচেতনতার ওপরে আরো জোর দিচ্ছি। তবে একটা পর্যায়ে গিয়ে যদি তাদের সঙ্গে পেরে ওঠা না যায়, সেক্ষেত্রে জরিমানা বাড়িয়ে অভিযান আরো কঠোর করা হবে। র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নানা অজুহাত দিয়ে কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন। আবার একশ্রেণির মানুষকে পাবেন যারা মাস্ক পরলেও সেটি থুতনিতে ঝুলিয়ে রাখছে। এমনই কিছু মানুষদের জরিমানা করা হচ্ছে। তবে স্বাভাবিক জরিমানার চেয়ে এদের জরিমানা ডাবল করা হচ্ছে। এই অভিযানে নানা শ্রেণি-পেশার ৩০ জনকে জরিমানা করা হয়েছে। আদালতের মুখোমুখি হয়ে তারা নানা অজুহাত দিচ্ছেন। অভিযানে মাস্ক না পরার কারণে ২০০ টাকা ও থুতনিতে পরার কারণে ৪০০ টাকা জরিমানা করা হয় কয়েক জনকে।