রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্? মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের নিমিত্ত পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নীতিগত অনুমোদন, কত টাকায় বা কাদের কাছ থেকে কেনা হবে সে বিষয়টি ক্রয়সংক্রান্ত কমিটিতে যখন আসবে তখন আলোচনা হবে। নিয়ম অনুযায়ী ৫ কোটি টাকার ঊর্ধ্বে সরাসরি পদ্ধতিতে ক্রয় করতে হলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন নিতে হয়, এখন সেই অনুমোদন দেওয়া হলো।
এদিকে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, চলতি ২০২০-২১ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতার হতে সপ্তম লটে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রত্যাশাগত অনুমোদন প্রস্তাব, সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ লাখ টন ডিএপি সার আমদানির ক্রয়প্রস্তাব, আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০১ কাজের ক্রয়প্রস্তাব, পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য একটি ক্রয়ের প্রস্তাব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পাঁচটি লটে ৫ কোটি ৪৫ লাখ সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) সংগ্রহের ক্রয়প্রস্তাব, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেল) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কাজের ক্রয়প্রস্তাব, বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি নতুন সাবস্টেশন স্থাপন, ছয়টি সাবস্টেশনের মানোন্নয়ন ও তিনটি বে সম্প্রসারণ কাজের ক্রয়প্রস্তাব, ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক ডিটেইল ডিজাইন রিভিউ কাজ, চুক্তি বহির্ভূত নতুন কাজ এবং অতিরিক্ত ১২ মাসের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সার্ভিস ক্রয়প্রস্তাব, একই প্রকল্পের অধীনে কুতুবদিয়া ও মাতারবাড়ী অ্যাপ্রোচ চ্যানেল অংশে পাইপ লাইন স্থাপনের ক্রয়প্রস্তাব, মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও মূল্যায়ন পর্যন্ত সব কার্যক্রম সম্পাদনের জন্য সুপারিশকৃত জাপানি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েটেড দরের চুক্তি সম্পাদনের প্রস্তাব এবং চলতি বছরের ডিসেম্বরে অতিরিক্ত অকটেন আমদানির ক্রয়প্রস্তাব।
সভায় খাদ্য বিভাগ কর্তৃক টেবিলে উত্থাপিত প্রস্তাবের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি কেজি ৩৫ দশমিক ২৭ টাকা দরে এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকা। ভারতীয় কোম্পানি এমএসটিকে এগ্রিলিংক এ চাল সরবরাহ করবে। যা ভারতের বীরভূম থেকে আমদানি করা হবে।
