যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারচুপির দাবি করেছিলেন তা নাকচ করে দিয়েছেন তারই অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল বার বলেন, বিচার বিভাগ নির্বাচনে জালিয়াতির বড় কোনো প্রমাণ পায়নি। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনই চীনের সঙ্গে করা প্রথম ধাপের চুক্তি থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও ভয়েস অব আমেরিকার
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, বিচার বিভাগ ব্যাপকভাবে নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পায়নি এবং এমন কিছু দেখেনি যা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে কোনোরকম পরিবর্তন আনতে পারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে এক সাক্ষাত্কারে বার বলেন, অ্যাটর্নি এবং এফবিআই প্রতিনিধিরা একনিষ্ঠভাবে নির্দিষ্ট অভিযোগ এবং তথ্য যাচাই করে দেখেছেন। তবে তারা এমন কোনো প্রমাণ পাননি যা নির্বাচনের ফলাফলে পরিবর্তন আনবে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। জালিয়াতির মাধ্যমেই তাকে হারিয়েছেন জো বাইডেন। ট্রাম্প পরাজয় স্বীকার করবেন না বলেও দাবি করেছেন।
চীনের সঙ্গে চুক্তি থেকে
এখনই সরছে না যুক্তরাষ্ট্র
চীনের সঙ্গে করা প্রথম ধাপের বাণিজ্য চুক্তি থেকে এখনই সরে আসছে না যুক্তরাষ্ট্র। তবে চীনা পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তও এখনই বাতিল করছেন না বাইডেন। তিনি করোনা ভাইরাস ইস্যুতে কংগ্রেসে প্রণোদনা প্যাকেজ পাশ করানোই তার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন। বাইডেন বলেন, তিনি চীনের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি, পণ্য ডাম্পিং, করপোরেশনের ওপর অবৈধ শুল্ক আরোপ এবং মার্কিন কোম্পানির কাছ থেকে চীনা কোম্পানির কাছে প্রযুক্তি হস্তান্তর নীতি নিয়ে কাজ করবেন।
