টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের সাত নাগরিক গ্রেফতার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

টেকনাফে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা এবং কাঠের নৌকাসহ মিয়ানমারের সাত নাগরিককে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার ভোরে উপজেলার সাবরাং কাঁটাবনিয়ার বঙ্গোপসাগর উপকূল পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিয়ানমারের বাসিন্দা ইয়াবার মোহাম্মদ, বেল্লাল হোছন, জামাল হোছন, মঞ্জুর আলম, আব্দুর রহমান, মো. জাকির হোসেন ও জাকের হোছন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে বলে খবর পাওয়া যায়। এই সংবাদ পেয়ে কোস্ট গার্ড টেকনাফ বিসিজি স্টেশনের সাবরাং কাঁটাবনিয়া-সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলীয় পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্ত থেকে একটি কাঠের নৌকাসহ কয়েক জন এলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে জারিকেনের ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌকায় থাকা মিয়ানমারের সাত বাসিন্দাকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনের পৃথক ধারায় মামলার পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।