মেহেরপুরে রক্ষা পেলো শত শত বিঘা ফসলি জমি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ড্রাম ড্রেজার বিনষ্ট ও উত্তোলন বালু জব্দ করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক। তবে এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেছে।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ঘাসের মাঠ এলাকায় কয়েক মাস ধরে আবাদি জমির ক্ষতি হওয়া সত্ত্বেও ৫০ থেকে ৬০ ফুট গভীর করে খনন করে বালু উত্তোলন করেছে ওই এলাকার কয়েকজন অসাধু বালু ব্যবসায়ী। এতে এলাকার পার্শ্ববর্তী জমি ধসসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায় ওই গ্রামের ওসমান গনি, ইমাদুল ইসলাম, বাদশা মণ্ডল ও সমিল মণ্ডল ড্রাম ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করে স্তূপ করে রেখেছেন। তাত্ক্ষণিকভাবে ওসমান গনি, ইমাদুল ইসলাম ও এনামুল হকের ড্রাম ড্রেজার ঘটনাস্থলে বিনষ্ট ও স্তূপ করে রাখা ১ লাখ ৩৯ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ বালু পরবর্তীতে নিলামে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
