ধরিত্রী ভেঙে যাচ্ছে -------- জাতিসংঘ মহাসচিব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০০:১৪

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিজ্ঞানীদের আশাবাদ শোনানোর এক দিন পরেই জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন ‘আমাদের ধরিত্রী ভেঙে যাচ্ছে’। এর জন্য তিনি ধরিত্রীর বাসিন্দাদের দায়ী করে বলেন, ‘আমরা নিজেরাই আত্মহত্যা করতে চলেছি।’ গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয় ঠেকাতে জাতিসংঘ কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এন্তোনি বলেন, দূষণ শূন্য পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসারণ কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে একটি কেন্দ্রীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রতিটি দেশ, শহর, অর্থনৈতিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০৫০ সালের মধ্যে দূষণ শূন্য পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা নিতে হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে দূষণ ৪৫ শতাংশ কমিয়ে আনার জন্য আগেই যে পরিকল্পনা নির্ধারণ করা হয়েছিল, সেটিও মাথায় রাখতে হবে।