বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি আসার জন্য আওয়ামী লীগের ‘আপস ও তোষণনীতি’কে দায়ী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। ‘আশকারার ফলে তারা আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের এ দাবি তোলার দুঃসাহস দেখিয়েছে’—গতকাল বুধবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধবিরোধী ধর্মান্ধ শক্তির হুমকি ও আস্ফাালন অব্যাহত আছে। তাদের সঙ্গে সরকারের আপস ও তোষণনীতির কারণে এদের সাহস ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারের দ্বিমুখী আচরণ মুক্তিযুদ্ধের চেতনাকে হুমকিগ্রস্ত করেছে। ভাস্কর্য বিরোধিতার আড়ালে সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত্ করতে চায়। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।’
সিপিবি নেতৃদ্বয় বলেন, ‘সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে প্রতিরোধ, পরাজিত করার লড়াই এবং ভাত-ভোট ও গণতন্ত্রের লড়াই জোরদার করতে দেশপ্রেমিক, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একাত্তরের পরাজিত শক্তি যে ধারায় দেশ পরিচালনা করতে চেয়েছিল, তার ৪৯ বছর পরে আওয়ামী লীগও সেই একই ধারায় দেশ পরিচালনা করছে।’
