পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে বাড্ডায় তাসলিমা বেগম রেনু হত্যার বহুল আলোচিত মামলার চার্জশিট আমলে নিয়েছে আদালত। আগামী বছরের ৩ জানুয়ারি মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন বিচারক। এ মামলায় ১৪ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ চার্জশিট আমলে নেন।
গত বছরের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির জন্য যান রেনু। ঐ সময় সারা দেশে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে পড়ে। রেনু বোরকা পরিহিত ছিলেন। তাকে ছেলেধরা সন্দেহে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় বাড্ডা থানায় ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রেনুর ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।
চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হক। চার্জশিটে শাহীন (৩১), রাচ্চু মিয়া (২৮), বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হূদয় মোল্লা (২০) মুরাদ মিয়া (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল ইসলাম (২২), রাজু (২৩), আবুল কালাম আজাদ (৫০), কামাল হোসেন (৪০), ওয়াসিম (১৪), রিয়া বেগম ময়না (২৭) ও জাফর হোসেনকে (২০) অভিযুক্ত করা হয়।
