গাজীপুরে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে গাজীপুর মহানগরীর নলজানী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ভোর পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে দোকন বন্ধ করে বাসায় চলে যান। পরে রাত পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন। দোকানে যাওয়ার আগেই দোকানের সব ফার্নিচার ও মালামাল পুড়ে যায়। ফার্নিচারগুলোর মধ্যে খাট, সোফা, ড্রেসিং-ডাইনিং টেবিল, আলমারি, কেবিনেটসহ বেশির ভাগ সেগুনকাঠের তৈরি ছিল। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
